ভোট গ্রহণে পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কারও পক্ষপাতিত্ব প্রমাণিত হলে তার পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। অতীতে যেসব প্রতিষ্ঠান ভাবমূর্তি সংকটে পড়েছে, তার মূল কারণ ছিল নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব। সে কারণে এক চুল পরিমাণ পক্ষপাতিত্বও আমরা মেনে নেবো না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কখনোই পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেওয়া হবে না। এরপরও কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে।

তিনি বলেন, এবারের নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। এ নির্বাচন শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন নয়; এর সঙ্গে দেশীয় ভাবমূর্তির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও সম্পৃক্ত। এটি দীর্ঘ খরার পর বৃষ্টির মতো। তথ্যপ্রযুক্তির যুগে এটি একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন।
এমনকি ২০০৮ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেও এ ধরনের প্রযুক্তিগত পরিবর্তন ছিল না। তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালট কার্যকরভাবে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমাদের প্রথম প্রত্যাশা ছিল মাঠপর্যায়ে সবার ঐক্যবদ্ধতা। এর মাধ্যমেই সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। ফেনী জেলায় এখন পর্যন্ত সেই পরিবেশ বিদ্যমান।
অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার আচরণবিধি মেনে চলার প্রবণতা বেড়েছে, যা আমাদের কাজকে সহজ করেছে। এ নির্বাচনে পক্ষপাতিত্ব ও আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ইসি সানাউল্লাহ বলেন, আমাদের লক্ষ্য হলো মানুষ যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এর কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া যাবে না। একটি ভালো নির্বাচনের পূর্বশর্ত হলো ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। এজন্য সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা যা কিছু হারিয়ে ফেলেছি, তা পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top