ইরান নিয়ে বিভক্ত ইউরোপ, যুদ্ধের বিপক্ষে অবস্থান নিল স্পেন

আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও কটূক্তির জবাবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেডরো শানসেজ।

বুধবার (৪ মার্চ) জাতির উদ্দেেশ্যে দেওয়া ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেডরো শানসেজ স্পষ্ট ভাষায় ইরান যুদ্ধের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। স্পেনের প্রধানমন্ত্রী পেডরো শানসেজ বলেন, সরকারের অবস্থান বোঝাতে কয়েকটি শব্দই যথেষ্ট, ইরানে যুদ্ধ নয়।

শানসেজ প্রায় ২০ বছর আগের ইরাক যুদ্ধের কথা স্মরণ করে বলেন, সেই যুদ্ধ মানবতার জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি। বরং ভূমধ্যসাগরীয় অঞ্চলে শরণার্থী সংকট বেড়েছে এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়েছে। ইরানের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি পরিণতি কী হবে, তা এখনই বলা যাচ্ছে। হামলার প্রকৃত লক্ষ্য কী সেটিও স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, যারা নিজেদের সমস্যা সামলাতে ব্যর্থ, তারা যুদ্ধের ধোঁয়া ব্যবহার করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে। এতে লাভবান হয় কেবল অল্প কয়েকজন যারা অস্ত্র তৈরি ও যুদ্ধের বাজার থেকে মুনাফা করে।

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, স্পেন কার্যত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দেশ থেকে সরিয়ে দিয়েছে। এ ঘটনায় তিনি স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞারও হুমকি দেন।

এদিকে মার্কিন সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে স্পেনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর প্রভাব সীমিত থাকতে পারে। কারণ, স্পেনের মোট রপ্তানির মাত্র চার শতাংশের কিছু বেশি যায় যুক্তরাষ্ট্রে। তবে শুল্ক বাড়ানো হলে ইউরোপের নির্দিষ্ট পণ্য যেমন ওয়াইন বা অলিভ অয়েল এ প্রভাব পড়তে পারে। এতে শুধু স্পেন নয়, ফ্রান্স ও পর্তুগালের মতো দেশও ক্ষতিগ্রস্ত হবে।

জার্মানির ভূমিকা নিয়ে হতাশা

স্পেন আশা করছে, বাণিজ্যনীতি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের  মাধ্যমে পরিচালিত হয়, তাই ইউরোপীয় ইউনিয়ন তাদের পাশে দাঁড়াবে। তবে স্পেন জার্মানির ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেস বলেন, ট্রাম্প যখন স্পেনের সমালোচনা করেন তখন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্স ট্রাম্পের পাশে বসে ছিলেন, কিন্তু তিনি স্পেনকে নিয়ে করা মন্তব্যের জবাব দেননি। কেন তিনি তা করেননি তা তাঁর বোধগম্য নয়।

আলবারেস স্মরণ করেন, এর আগের জার্মান চ্যান্সেলররা ইউরোপীয় সংহতির পক্ষে ছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেই ঐক্যের অভাব স্পষ্ট বলে মনে করছে মাদ্রিদ।

সূত্র: বাংলা নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top